বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শুক্রবার (১০ জুলাই) দিনভর বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। বন্যাদুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য তিনি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।
আতিকুর রহমান রুমন জানান, বন্যাকবলিত জেলাগুলোতে উদ্ধার ও পুনর্বাসনসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার (১১ জুলাই) বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে যাবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ইতিমধ্যে কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে পরিস্থিতি এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ত্রাণ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত রয়েছেন।
বন্যাকবলিত এলাকার নারী, শিশু এবং বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।
দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি-ডাকাতি বা অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



