এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক:অবশেষে নারী গ্রেপ্তার

এক বছরের কারাদণ্ড এড়াতে দীর্ঘ নয় বছর ধরে ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন মোছা. শাহিদা আক্তার। নিজের আসল পরিচয় গোপন করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ালেও শেষ রক্ষা হয়নি।

অবশেষে নাটোরের লালপুর থানা পুলিশের একটি চৌকস দল দূরবর্তী জেলা রংপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত শাহিদাকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার (১ জুলাই) রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন আলমনগর মহাদেবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহিদা আক্তার নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের আকতার হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতে একটি অর্থঋণ সংক্রান্ত মামলা চলছিল।

বিচারের দীর্ঘ প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় শাহিদাকে, ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৬ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করেন।

আদালতের রায়ের পর থেকেই সাজার হাত থেকে বাঁচতে শাহিদা আক্তার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। আইনি চোখ ফাঁকি দিতে তিনি দীর্ঘ ৯ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় পরিচয় লুকিয়ে বসবাস করছিলেন।

অবশেষে লালপুর থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহিদার নিখুঁত অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। সেই সূত্র ধরে বুধবার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি শাহিদা আক্তারকে আমরা সফল অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করেছি। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

Related Articles

Back to top button