ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়েছে ছোট একটি বিমান। আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়।

মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পর বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন। এছাড়া আহত হন ছয় জন। যারমধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী আছেন। দুজরের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ।

তবে বিমানের যে দুজন মারা গেছেন তারা কি ক্রু নাকি যাত্রী ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, ছোট বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছে। এরপর এটি মহাসড়কে ছিটকে যায়। ওই সময় অল্পের জন্য রাস্তার জ্যামে আটকে থাকা অসংখ্য গাড়িতে আঘাত হানেনি এটি। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের নিকটবর্তী সান্তা কাসা দে মিসেরিকোর্দিয়া ও উপা সান্তানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গেতে যাচ্ছিল। এটি শুক্রবার সকালে কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে বিমানটি কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

Related Articles

Back to top button