আন্দোলনে নিহত ৩ জনের মরদেহ উত্তোলন

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা): আদালতের নির্দেশে আশুলিয়া থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিনজনের মরদেহ উত্তোলন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার পৃথক স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে মরদেহগুলো উত্তোলন করা হয়।

জানা যায়, এদিন সকালে আশুলিয়ার ভাদাইল এলাকার পাবনারটেক মহল্লার একটি কবরস্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশরাফুল ইসলাম নামে একজনের মরদেহ উত্তোলন করা হয়। এরপর আশুলিয়ার বাইপাইল এলাকার চারালপাড়া মহল্লার একটি কবরস্থান থেকে জাহিদুল ইসলাম সাগরের মরদেহ উত্তোলন করা হয়। আর দুপুরে আশুলিয়ার আমবাগান এলাকার স্থানীয় একটি কবরস্থান থেকে আবুল হোসেন নামে একজনের মরদেহ উত্তোলন করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন, আদালতের নির্দেশে মরদেহগুলো উত্তোলন করা হয়। সকাল থেকে আশুলিয়ার পাবনার টেক, চারালপাড়া ও আমবাগান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো উত্তোলন করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Related Articles

Back to top button