সাতক্ষীরা সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির গুলি, ২ চোরাকারবারি পলাতক

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে বাহিনীটি।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় তাদের থামতে ও আত্মসমর্পণ করার জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং একপর্যায়ে নিরাপত্তার স্বার্থে ও গতিরোধের উদ্দেশ্যে গুলি ছোড়েন। এরপর ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর বিজিবি সদস্যরা আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button