
দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ২৭ হাজার টাকার শাড়ি-সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের সুনাম একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ড-এর সংবাদ সম্মেলনে তিশা জানান, দেশের বিচার ব্যবস্থার প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং আদালতে হাজির হয়ে আইনিভাবেই বিষয়টির মোকাবিলা করবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের শেষদিকে একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রচারণার উদ্দেশ্যে ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর তিনি সেটির মূল্য পরিশোধ বা চুক্তি অনুযায়ী প্রচারণামূলক কাজ সম্পন্ন করেননি। ওই মামলায় তাকে আগামী ১৩ আগস্ট সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে তিশা বলেন, ‘১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত পরিশ্রম করে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি প্রতারণা করব—এটা কি বিশ্বাসযোগ্য?’ তিনি আরও বলেন, একজন শিল্পী যখন সাফল্যের পথে এগিয়ে যান, তখন তাকে নানা উপায়ে টেনে নামানোর চেষ্টা করা হয়।
বর্তমানে তিশা তার প্রথম চলচ্চিত্র ‘সোলজার’-এর কাজ নিয়ে ব্যস্ত আছেন। সাকিব ফাহাদের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ঢালিউড তারকা শাকিব খান।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.