
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বুধবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তাঁরা।
কবর জিয়ারত শেষে ইশরাক হোসেন বলেন, বিগত সরকারের আমলের সব গুম-খুন ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন এবং বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়েছে। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই এই দিনের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।
শ্রদ্ধা নিবেদনকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, শহীদ ওয়াসিমের বাবা এবং জেলা-উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের মুরাদপুরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.