
হিন্দু দায়ভাগা আইন অনুযায়ী ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকারী (রিভার্সনার) হিসেবে স্বত্ব দাবি করার কোনো সুযোগ নেই মর্মে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবির একটি দেওয়ানি রিভিশনের রুল খারিজ করে দেওয়া রায়ে এ পর্যবেক্ষণ দেন আদালত। বিচারপতি শেখ আবদুল আউয়াল এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া এই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশিত হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার রামকান্ত বিশ্বাস ১৯২০ সালে ছেলে সতীশ চন্দ্র বিশ্বাসের নামে ১.৩৫ একর জমি ক্রয় করেন। সতীশের মৃত্যুর পর তাঁর স্ত্রী সাবিত্রী বালা ১৯৯৬ সালে জমিটি ড. মনোরঞ্জন মহুরী নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। কিন্তু সতীশের বোন শৌল বালা দাস জমির মালিকানা দাবি করে ১৯৯৮ সালে দেওয়ানি মামলা করেন।
পরবর্তীতে পটিয়ার সাব-অর্ডিনেট জজ আদালত এবং জেলা জজ আদালত—উভয় আদালতই বাদীপক্ষের মামলা খারিজ করে দেন। এর প্রেক্ষিতে বাদী ২০০৮ সালে হাইকোর্টে দেওয়ানি রিভিশন আবেদন করেন, যা শুনানি শেষে খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।
হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, হিন্দু দায়ভাগা আইনে স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী তাঁর জীবদ্দশায় সম্পত্তির স্বত্ব পেলেও হস্তান্তরের ক্ষমতা থাকে সীমিত। তবে আইনি বাধ্যবাধকতা ছাড়া কোনো সম্পত্তি হস্তান্তর হলেও তা কেবল আইনগত উত্তরাধিকারী বা 'রিভার্সনার'-ই চ্যালেঞ্জ করতে পারেন। আইনগত কোনো স্বার্থ বা অধিকার না থাকায় ভাইয়ের বিধবা স্ত্রীর জীবদ্দশায় ওই সম্পত্তিতে বোন হস্তান্তরের বৈধতা নিয়ে কোনো মামলা বা চ্যালেঞ্জ করতে পারবেন না।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.