
বেলজিয়ামে পয়ঃনিষ্কাশনের নালা নির্মাণের জন্য মাটি খননের সময় প্রায় ৯ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৭ কোটি ৬৬ লাখ টাকা) মূল্যের স্বর্ণ ও মূল্যবান প্রাচীন মুদ্রার সন্ধান মিলেছে।
রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেন্ট-গিলিস-ডেন্ডারমন্ডে এলাকায় পুরোনো পাইপ বদলের কাজ করার সময় ১৮ বছর বয়সী এক গ্রীষ্মকালীন কর্মী প্রথম এই সম্পদের সন্ধান পান।
প্রাথমিকভাবে ১ ইউরোর মুদ্রা মনে করা হলেও পরবর্তীতে সেখান থেকে নম্বরযুক্ত স্বর্ণের বার, মুদ্রা ও স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো একটি ব্যাগে রেখে উনিশ শতকের একটি পুরোনো ভবন সংলগ্ন ভূগর্ভস্থ কক্ষের দেয়ালের ভেতরে লুকিয়ে রাখা ছিল। ভবনটি ১৮৯৯ সালে মদ ব্যবসায়ী থিওফিলাস ভ্যান অ্যাশের জন্য নির্মিত হয়েছিল।
বিপুল এই সম্পদ উদ্ধারের পর এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয় এবং উদ্ধারকৃত স্বর্ণ ব্রাসেলসের একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এসব সম্পদ কোনো অপরাধ বা চুরির সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পূর্ব ফ্লান্ডারসের প্রসিকিউটর কার্যালয়।
বেলজিয়ামের আইন অনুযায়ী সম্পদের প্রকৃত মালিক নির্ধারণে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করা হয়। সম্ভাব্য দাবিদার হিসেবে ভবনের মালিক, নির্মাণকারী প্রতিষ্ঠান ও ভ্যান অ্যাশে পরিবারের উত্তরসূরিদের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে সম্পদ উদ্ধারকারী তরুণ কর্মী কোবে ও তার সহকর্মীরা সন্ধানকারীর সম্মানীর প্রত্যাশা করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.