
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবৈধ বিক্রি রোধে অভিযান চালিয়ে ৪৬৪টি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এ সময় অস্ত্র বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, নগরীতে ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ধারালো অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিসি মতিঝিল হারুন অর রশীদের পরিকল্পনায়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং এডিসি মতিঝিলের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধারকৃত ৪৬৪টি সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচগিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল ও ব্যাটন স্টিক।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪)।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্রের বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.