
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন। সফরে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল সাড়ে ৯টার দিকে তিনি সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে এটিই তারেক রহমানের প্রথম সফর।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা মেনেই গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে দাঁড়িয়ে শৃঙ্খলাবদ্ধভাবে মানবপ্রাচীর তৈরি করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
সফরসূচি অনুযায়ী, বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদীর সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে শেষ মুহূর্তে সফরসূচিতে যুক্ত হওয়া ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এরপর বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে তিনি নিজ হাতে জিআই স্বীকৃত বরিশালের আমড়া গাছ ও নারিকেল গাছের চারা রোপণ করবেন।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতারা, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, "প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এটি প্রথম বরিশাল সফর। তাই সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ রয়েছে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো আয়োজন করা হয়নি।"
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, প্রধানমন্ত্রীর সরকারি সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যান চলাচল ও সার্বিক সমন্বয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক কর্মসূচিটি বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হলেও প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা প্রদান করছে।
প্রধানমন্ত্রীর এই প্রথম সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বরিশালের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গতিশীল হবে। আজ সন্ধ্যায় কর্মসূচী শেষ করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.