
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘জুলাই-গণঅভ্যুত্থান ২০২৪’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাবি সাদা দল ও ইউট্যাব যৌথভাবে এ সভার আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রাম ও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় কোনো একক গোষ্ঠীর চেতনা বিক্রির হাতিয়ার হতে পারে না। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে উসকানিমূলক ফাঁদে না পড়ে সহনশীলতার মাধ্যমে রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার সম্পন্ন করার ওপর তিনি জোর দেন।
রাষ্ট্রকাঠামোর সংস্কার ও সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি জানান, ভবিষ্যতে যেন কোনো নির্বাচিত সরকার স্বৈরাচারী হতে না পারে, সেজন্য সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করা এবং সংসদে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার বিধান যুক্ত করা হবে।
শিক্ষার্থী ও তরুণদের রাজনৈতিক অপরিপক্কতা এড়িয়ে সহনশীল আচরণ করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের ফাঁদে ফেলার অপচেষ্টা চলছে, তাই ধৈর্য ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাতে হবে।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদা ও সার্বভৌম সমতার ভিত্তিতে। ভারতের মাটিতে বসে পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেওয়ার সুযোগ সৃষ্টি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাওয়া—দুটি পরস্পরবিরোধী। তিনি ভারত সরকারকে ‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.