
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকে কেন্দ্র করে বন্দরনগরীতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, অবৈধ স্থাপনা অপসারণ, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬'-এর প্রস্তুতিমূলক সভায় চসিক মেয়র এসব কথা বলেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও অংশীজনরা উপস্থিত ছিলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এ জাতীয় ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং জেলা স্টেডিয়াম পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। লালখান বাজারসহ বিভিন্ন স্থানে ফুলের গাছ রোপণ ও চসিকের উদ্যোগে সড়ক মেরামতের কাজ চলছে।
যানজট নিরসন ও সৌন্দর্য রক্ষায় সড়কের অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে না সরালে জেলা প্রশাসন, পুলিশ ও চসিক যৌথ অভিযান চালাবে বলে জানান মেয়র।
ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে মেয়র বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। এ উপলক্ষে চসিকের অধীন ৭৮টি স্কুল, ২৮টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রাখার ব্যবস্থা করা হবে।
সভা শেষে চট্টগ্রামকে দৃষ্টিনন্দন করার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে বরণ ও টুর্নামেন্ট সফল করতে জেলা প্রশাসন, সিডিএ, পুলিশ, শিক্ষা বিভাগসহ সব মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন চসিক মেয়র।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.