
বাংলাদেশে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ইউএনডিপির নতুন প্রতিনিধিকে স্বাগত জানান এবং তার নিয়োগের জন্য অভিনন্দন জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইউএনডিপির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের এই সময়ে উদ্ভূত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপিসহ জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোর অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব ও সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি দেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন।
একই সঙ্গে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশেষভাবে অভিনন্দন জানান স্টিফেন রড্রিক্স। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও অগ্রণী ভূমিকারই প্রতিফলন।
বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যকার চলমান প্রকল্প এবং ভবিষ্যতের যৌথ উন্নয়ন কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.