জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে নিখোঁজের চার দিন পর আবু বক্কর ছিদ্দিক (৮০) নামে সাবেক এক মাদারাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার লদের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি।
নিহত আবু বক্কর ছিদ্দিক উপজেলার চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় চাটখিল কামিল মাদারাসার সাবেক শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর ছিদ্দিক গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে সবজি কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে আসেন। সন্ধ্যার পর তিনি আর বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। না পেয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে পরিবারের সদস্যরা চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার লদের বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যায়। তখন তারা আবু বক্কর ছিদ্দিকের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের বাম চোখের ওপরে ও গলায় কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীসের আঘাত এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.