
সুপারিশমালা চূড়ান্ত না হওয়ায় নবম জাতীয় পে-স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা আরও বাড়ল।
বুধবার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের সচিব কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে আগামী সপ্তাহে সচিব কমিটি আবারও বৈঠকে বসবে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার কথা থাকলেও প্রথম ধাপে কেবল মূল বেতন বৃদ্ধি এবং পরবর্তী অর্থবছরে দুই ধাপে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা কার্যকরের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নের আর্থিক সক্ষমতা, ধাপভিত্তিক বাস্তবায়ন পদ্ধতি ও সফটওয়্যার কাঠামোর প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আলোচনা হয়।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলমান আর্থিক সংকটের মধ্যে বড় পরিসরে বেতন বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, পর্যাপ্ত অর্থের উৎস নিশ্চিত না করে পুরো পে-স্কেল একসঙ্গে বাস্তবায়ন করলে বাজারে অতিরিক্ত অর্থের প্রবাহ সৃষ্টি হয়ে মূল্যস্ফীতি বাড়তে পারে।
অবশ্য নতুন পে-স্কেল বাস্তবায়নে নীতিগতভাবে আগ্রহ রয়েছে এবং সেই লক্ষ্যে বাজেটে বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.