
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শিগগিরই এই নিয়োগপ্রক্রিয়া শুরু করার পাশাপাশি নতুন চিকিৎসকও নিয়োগ করা হবে বলে জানান তিনি।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করা হচ্ছে। ইতোমধ্যে সারা দেশের সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। নিকট ভবিষ্যতে উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে তৎকালীন সরকার স্বাস্থ্যসেবায় তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তবে বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খবরাখবর নেন।
এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.