নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনৈতিক দল যদি কেবল দখলদারিত্বের রাজনীতি করতে চায়, তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না।
নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামের মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন। আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে এই শোকসভার আয়োজন করা হয়।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, দেশের মানুষ এখন পরিবর্তিত নেতৃত্ব, পরিবর্তিত দল ও নতুন ধরনের রাজনীতি চায়। জেন জি-র আন্দোলনের মূল কথা ছিল বিষাক্ত ও আপসমুখী জীবনযাপন থেকে মুক্তি। সাহসের সঙ্গে সরকারের নির্মমতার বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছিল তারা।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সাহস দেখাতে পারেনি বলে আন্দোলনের সময় মূল নেতৃত্ব ছাত্র-জনতা গ্রহণ করেছিল। তখন কোনো রাজনৈতিক দলই আন্দোলনের মূল ধারায় ছিল না। এটাই ছিল একটি বিরাট বৈশিষ্ট্য। আন্দোলনে মানুষের আকাঙ্ক্ষা ছিল শোষণ, নির্যাতন ও বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার।
ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনি একা পারছেন না। সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। একতাই দেশ গড়ার মূলমন্ত্র। একপাক্ষিক উদ্যোগে কোনো অগ্রগতি সম্ভব নয়।
সভায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.