
জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান উন্নয়নকাজের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো।
শুক্রবার (১৭ জুলাই) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, শিকাগোর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৫১, যা ‘ঝুঁকিপূর্ণ’ মাত্রার অনেক ওপরে এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।
একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকার একিউআই স্কোর ছিল ১১৬। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ১১তম। বায়ুমানের এই স্তরটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ডেট্রয়েট। শহরটির একিউআই স্কোর ৫৪৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তৃতীয় স্থানে থাকা নিউইয়র্কের স্কোর ২২৪। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ১৮৪। পঞ্চম স্থানে থাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৬২।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।
অন্যদিকে, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। আর একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.