
চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগানো নিয়ে দুশ্চিন্তায় পড়া ২০ জন নারী জেলা প্রশাসকের উদ্যোগে সেলাই মেশিন পাচ্ছেন।
সোমবার সকালে চট্টগ্রাম নগরীর মহিলাবিষয়ক অধিদপ্তরে 'ভালনারেবল উইমেন বেনিফিট' (ভিডব্লিউবি) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানকালে এই উদ্যোগ নেওয়া হয়।
মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত ‘আধুনিক দর্জিবিজ্ঞান ও এমব্রয়ডারি’ ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের সঙ্গে কথা বলে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানতে পারেন, কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার সরকারি কোনো ব্যবস্থা নেই। এতে মুরাদপুরের নাছরিন ফারজানার মতো সুবিধাবঞ্চিত নারীদের অর্জিত দক্ষতা ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
বিষয়টি জেনে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ‘স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন’সহ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তার আহ্বানে সাড়া দিয়ে সংস্থাগুলো প্রশিক্ষণরত ২০ জন নারীর সবাইকে নতুন সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
প্রশিক্ষণার্থী নাছরিন ফারজানা জানান, বিনা খরচে সেলাই মেশিন পেয়ে তিনি ঘরে বসে কাজ করে পরিবারের সংসারে অভাব-অনটন দূর করতে পারবেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে না পারলে প্রশিক্ষণের কোনো সার্থকতা থাকে না। তিনি নারীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে প্রশিক্ষকদের পেশাদারত্ব ও সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর জোর দেন।
মহিলাবিষয়ক অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে জানানো হয়, পাঁচটি ভিন্ন ট্রেডে বর্তমানে মোট ১০০ জন নারী এই প্রশিক্ষণ পাচ্ছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.