
অভিনয়ের জাদুতে দুই বাংলা জয় করা অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন গুণী এই শিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
জয়া আহসানের সাথে নিজের স্ত্রী ও সন্তানসহ একটি ছবি পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, “শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।” চঞ্চলের এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। ভক্তরাও জয়া আহসানকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন।
গোপালগঞ্জে জন্মগ্রহণ করা জয়া আহসানের অভিনয়ের যাত্রা শুরু হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে। এরপর ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘দেবী’ ও ‘বিউটি সার্কাস’-এর মতো অসংখ্য প্রশংসিত সিনেমায় তিনি নিজের জাত চিনিয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গেও ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কড়ক সিং’ ও ‘দশম অবতার’-এর মতো সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।
দীর্ঘ অভিনয় জীবনে জয়া আহসান দেশের চলচ্চিত্রে পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তিনবার ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন, যা আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.