
গ্রিসের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে ইসরায়েলের সঙ্গে ৩.৪৮ বিলিয়ন ডলারের (সাড়ে ৩ বিলিয়ন ডলার প্রায়) এক বিশাল অস্ত্র-রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে এই চুক্তি সাক্ষর হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম এবং গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইওয়ানিস বোরাস নিজ নিজ দেশের পক্ষে 'অ্যাকিলিস শিল্ড' নামের এই চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় গ্রিসের জন্য সম্পূর্ণ ইসরায়েলি প্রযুক্তিতে একটি শক্তিশালী ও বহু-স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে তেল আবিব।
এই ব্যবস্থার মধ্যে থাকবে রাফায়েল নির্মিত 'ডেভিডস স্লিং' ও 'স্পাইডার' এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি 'বারাক এমএক্স' অ্যান্টি-মিসাইল সিস্টেম।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান ইরানি সংঘাত ও সাম্প্রতিক যুদ্ধের বাস্তবিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রযুক্তিগুলো তৈরি ও সরবরাহ করা হবে।
২০৩৬ সালের মধ্যে সামরিক বাহিনীর সামগ্রিক আধুনিকায়নে প্রায় ২৮ বিলিয়ন ইউরো ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে গ্রিস। এই সুবিশাল পরিকল্পনার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ও রাশিয়ার তৈরি এস-৩০০ মিসাইল ব্যবস্থার পাশাপাশি ইসরায়েলের আধুনিক এই ডিফেন্স শিল্ড যুক্ত করছে দেশটি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.