
রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় জিসান গ্রুপের তিন সদস্যকে বিদেশি পিস্তল, গুলি ও ওয়াকিটকি সেটসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তার ব্যক্তিরা মোবাইল ফোন ব্যবহার না করে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।
গত সোমবার রাজধানীর মালিবাগ ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের সহযোগী ও মাদক কারবারি মো. স্বাধীন আহমেদ রনিকে (৩৫) মালিবাগের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট ও দুটি ওয়াকিটকি চার্জার জব্দ করা হয়।
পরে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের আরও দুই সহযোগী মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মো. মেহেদী হাসানকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি ৭.৬৫ মিলিমিটারের বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), পাঁচটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকার নির্মাণাধীন স্থাপনার মালিক ও ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.