
পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা এবং ৭ দিনের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছে নেত্রকোণা সদরের স্থানীয় এক সালিশি বৈঠক।
জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) রাতে দক্ষিণ বিশিউড়া গ্রামে পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে রিপনকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত সালিশে তিনি দোষ স্বীকার করেছেন দাবি করে মাতব্বররা মেয়েটির বিয়ের খরচ বাবদ ৫ লাখ টাকা জরিমানা অথবা বসতবাড়ির জায়গা বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। পাশাপাশি তাকে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়।
তবে রিপনের স্ত্রী এই অভিযোগকে ষড়যন্ত্রমূলক দাবি করে জানান, একটি গাছের নিচে সামান্য কথা বলার অপরাধে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি কোনো অপরাধের প্রমাণ না থাকার কথা উল্লেখ করে সঠিক তদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন।
এদিকে নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে নারী নির্যাতন বা যৌন অপরাধে বেআইনিভাবে সালিশ ডেকে টাকা দিয়ে মীমাংসা করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে স্পষ্ট করেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.