
ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর, তার পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, একপাক্ষিক চুক্তির দিন এখন শেষ। রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন:
"একপাক্ষিক চুক্তির যুগ শেষ। আমরা আপনাদের বলেছিলাম, কথা রাখুন, নইলে মূল্য দিতে হবে। বাস্তবতা দরজায় কড়া নাড়ছে।"
পোস্টটির সঙ্গে গালিবাফ দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের একটি ছবি সংযুক্ত করেছেন, যেখানে 'হরমুজ প্রণালি' পুনরায় খোলার বিষয়টি উল্লেখ রয়েছে। পোস্টে এই অংশটি বিশেষভাবে হাইলাইট করে ওয়াশিংটনকে পরোক্ষ বার্তা দিয়েছেন তিনি।
উদ্বেগজনক এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরান তৃতীয় দফায় পাল্টাপাল্টি সামরিক হামলা চালিয়েছে, যা পুরো উপসাগরীয় অঞ্চলকে চরম অস্থিতিশীল করে তুলেছে।
হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ বাড়াচ্ছে। আসন্ন নভেম্বরের মার্কিন আগাম নির্বাচনের আগে এই পরিস্থিতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ ও সামরিক উপস্থিতি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। বেশ কয়েকটি জাহাজ অননুমোদিত পথে যাওয়ার চেষ্টা করলে তাদের গতিপথ পরিবর্তনের বার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে।
আইআরজিসির বিবৃতির প্রায় এক ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মার্কিন সেন্ট্রাল কমান্ড পাল্টা হামলা শুরু করে। সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে, খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.