আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনের উত্তর গাজার বেইত লাহিয়ায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কথা জানিয়েছে গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস।
রোববার (২০ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া জানিয়েছেন, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরাইলি হামলার পর শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, দখলদার ইসরাইল উত্তর গাজায় আমাদের জনগণকে বাস্তুচ্যুত করার জন্য অভিযান চালাচ্ছে। ইসরাইলি বাহিনী উত্তর গাজার আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতালকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
এদিকে, হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর হামাস বলেছে, গাজায় যদি আগ্রাসন বন্ধ না হয়, ইসরাইলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার না করা হয় এবং ইসরাইলে বন্দি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেওয়া হয় তাহলে ইসরাইলি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।
উল্লেখ্য, গাজায় ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ৫১৯ জন নিহত এবং ৯৯ হাজার ৬৩৭ জন আহত হয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.