
ইরান যুদ্ধের কারণে অস্ত্র ও গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কায় দেশটির প্রতিরক্ষা ঠিকাদার বা মিলিটারি কন্ট্রাক্টরদের উৎপাদন দ্রুত বাড়নোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)।
রোববার (৯ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্ট মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফিনবার্গ মিলিটারি কন্ট্রাক্টরদের কাছে একটি বিশেষ মেমো পাঠান। সেখানে আগামী ২১ দিনের মধ্যে কীভাবে আরও দ্রুততম সময়ে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা সম্ভব, সে সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের সামরিক ঠিকাদারদের সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াতে জোর তাগিদ দেওয়া হয়।
পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, “গত ৫ আগস্ট পাঠানো মেমোটি সম্পূর্ণ সত্য। এটি মূলত ২০২৮ অর্থবছরের বাজেট রূপরেখা তৈরিতে কাজ করবে, যা চূড়ান্ত অর্থায়নের জন্য কংগ্রেসে পেশ করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা শিল্প খাতকে পুনর্গঠন ও শক্তিশালী করার জাতীয় প্রচেষ্টার সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ক্যাপিটল হিলে বিবেচনার অধীনে থাকা ২০২৭ অর্থবছরের বাজেট পাস হলে অস্ত্র উৎপাদন বৃদ্ধির এই উদ্যোগ বহুগুণ গতি পাবে।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর টানা ৪০ দিন পর গত জুনে দু'পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে পৌঁছায়। মাঝে মাঝে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই থমথমে রয়েছে। তবে যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পেন্টাগন তাদের অস্ত্রের মজুত বাড়াতে এই বড় উদ্যোগ নিল।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.