
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রধানমন্ত্রী মাসরুর বারজানির কার্যালয় লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার কেআরজির নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরানের ভূখণ্ড থেকে এই ড্রোন হামলা চালানো হয়। হামলার নিশানা হিসেবে কেআরজি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয় এবং ওই অঞ্চলের নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানের বাসভবনকে চিহ্নিত করা হয়েছে।
তবে ড্রোন দুটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে পেরেছে কি না তা স্পষ্ট করা হয়নি এবং কোনো গোষ্ঠীও তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় এই হামলাকে 'দায়িত্বজ্ঞানহীন' উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন কেআরজি প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। তিনি এটিকে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য প্রত্যক্ষ হুমকি ও বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে ইরাকি কুর্দিস্তানের বিরুদ্ধে ইরানি বিরোধী দলগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। যদিও কুর্দি কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে আসছে। এর আগেও কুর্দিস্তানের বিভিন্ন অবকাঠামো ও তেল-গ্যাস ক্ষেত্রে বারবার ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.