
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ লক্ষাধিক সদস্যের বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরা এবং গুজব ও অপপ্রচার মোকাবিলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ও মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীটির সদর দপ্তরে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, “ডিজিটাল রূপান্তরের এই যুগে তথ্যপ্রবাহ সহজ হওয়ার পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর তথ্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই বাস্তবতায় একটি বৃহৎ রাষ্ট্রীয় বাহিনীর নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার হিসেবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ।” তিনি আরও জানান, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই পোর্টালটি গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের কাজ করবে। বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট (prantikkonthoshor.gov.bd), ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখন থেকে বাহিনীর সকল কার্যক্রম স্বচ্ছ ও সহজলভ্য হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “এটি কেবল একটি অনলাইন পোর্টাল নয়, বরং এটি আমাদের মাঠ পর্যায়ের অকুতোভয় সদস্যদের শ্রম, ত্যাগ এবং সাফল্যের জীবন্ত প্রতিচ্ছবি। আমাদের ৪৭টি ব্যাটালিয়ন ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত সদস্যদের ইতিবাচক কর্মকাণ্ডের প্রতিফলন ঘটানোই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, আনসার বাহিনী দেশের নিরাপত্তা, নির্বাচন ও দুর্যোগ মোকাবিলায় যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে, এই প্ল্যাটফর্ম তাদের সেই অবদানকে জনগণের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেবে।
উল্লেখ্য, ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মাধ্যমে বাহিনীর সদস্যদের কমিউনিটি জার্নালিজমে সম্পৃক্ত করে প্রান্তিক মানুষের সংগ্রাম ও সফলতার গল্প জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.