
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান।
তাঁর এই আগমনকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ব্যাপক প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা করছেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামোগত উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোরে এবং পরে বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও অংশগ্রহণ করবেন। দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেবেন। এছাড়া শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিষয় নিয়েও মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের মূল দাবিগুলো হলো:
ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ।
বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন।
ভোলা-বরিশাল সেতু নির্মাণ।
পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করা।
স্থানীয়দের মতে, এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এই অঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে।
সফর সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের উদ্যোগে নগরজুড়ে আনন্দ মিছিল ও গণসংযোগ চলছে।
কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিন বলেন, "বরিশালবাসী প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানাতে প্রস্তুত। এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।"
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.