
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মানিকনগর প্রধান সড়কের কাজ শেষ করে নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭নং ওয়ার্ডের মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম যৌথভাবে এই উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন:
"ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। অবহেলিত সড়কগুলোর উন্নয়নের অংশ হিসেবেই মানিকনগরের ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। উন্নত সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচল সহজ হবে, জনদুর্ভোগ কমবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।"
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এই সড়কের কারণে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে সড়কটি সংস্কারের মাধ্যমে তাদের দীর্ঘদিনের নাগরিক অধিকার ও দাবি বাস্তবায়ন করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.