
অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে নাগরিকদের নিজেদের যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে বিদ্যমান সমস্যাগুলো ততদিন সমাধান হবে না, যতদিন না মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার পাশাপাশি নিজের কর্তব্যটুকুও যথাযথভাবে পালন করবে।
জনপ্রতিনিধি ও ভোটারদের আচরণের প্রসঙ্গে তিনি বলেন, নেতারা যেভাবে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে চুরি ও ঘুষের সঙ্গে যুক্ত হয়, তেমনি ভোটারদের মধ্যেও একটি বড় অংশ রয়েছে যারা ভোটের আগের দিন রাতে আর্থিক সুবিধার বিনিময়ে নিজেদের মতামত বিক্রি করে দেয়। দেশের প্রকৃত পরিবর্তনের জন্য এই সংস্কৃতির অবসান হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। ডা. মাহমুদা আলম মিতু তাঁর বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ চলে যাওয়ার পর অন্য কোনো দল বা গোষ্ঠীকে আওয়ামী লীগের বিকল্প বা একচ্ছত্র ক্ষমতাধর হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না, এমনকি তারা সরকারে থাকলেও না।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.